‘এবারের নির্বাচনের সুযোগটা কাজে লাগাতে হবে’

নির্বাচনে আমাদের এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যারা দল-মত-ধর্ম নির্বিশেষে সব মানুষকে একসঙ্গে নিয়ে চলতে পারেন এবং সবাইকে সমান সুযোগ নিশ্চিত করতে পারবেন। সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। এবার একটি সুযোগ এসেছে, সেটি কাজে লাগাতে হবে।

গতকাল বুধবার সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ও নির্বাচন: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক সিলেট আঞ্চলিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সরূপ বড়ুয়া, সিনিয়র রেভারেন্ড ফিলিপ বিশ্বাস, পাউবোর নির্বাহী প্রকৌশলী (অবসরপ্রাপ্ত) মনোজ বিকাশ দেবরায়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান প্রমুখ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
-সাইমুন