ফেনীর ফুলগাজী উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে মানুষের ভোট আদায়ের চেষ্টা করছে। শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সকাল থেকে জিএমহাট ইউনিয়নের লক্ষ্মীপুর ও বশিকপুর এবং পরে সদর ইউনিয়নের বাশুড়া, গোসাইপুর, গাবতলা, দেড়পাড়া, দৌলতপুর ও ঘনিয়ামোড়া এলাকায় ধারাবাহিক পথসভা করেন তিনি। প্রচারণা শুরুর আগে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃকভূমি শ্রীপুরে অবস্থিত পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।
পথসভাগুলোতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিন মজুমদার রুনু, বিজিএমইএ গ্রুপের পরিচালক মজুমদার আরিফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, সিরাজুল ইসলাম মন্টু ও সদস্য জাহিদ হোসেন মজুমদার। এছাড়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন কমিটির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন মজুমদারসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও সম্প্রসারণ করা হবে। তিনি নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নিয়মিত সরকারি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘স্বাস্থ্যসেবা কার্ড’ এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য বিশেষ সুবিধার কার্ড চালুর প্রতিশ্রুতি দেন।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, “একটি দল জান্নাতের লোভ দেখিয়ে মানুষের ভোট আদায়ের চেষ্টা করছে। গ্রামের সাধারণ মানুষ ও নারীদের ভুল তথ্য দিয়ে প্ররোচিত করা হচ্ছে।” তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে হবে।
উপজেলার বিভিন্ন স্থানে তার পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জহিরুল ইসলাম রাজু , ফেনী









