বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে তিনি শেরপুর শহরে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
দলীয় সূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান সকাল সাড়ে ১০টায় শ্রীবরদী উপজেলায় পৌঁছাবেন। সেখানে তিনি গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন। পরে তিনি নিহত নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করবেন।
কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় শেরপুর শহরের ঐতিহাসিক শহীদ দারোগা আলী পৌরপার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। ১১-দলীয় নির্বাচনী ঐক্যের ব্যানারে আয়োজিত এই সভায় তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতের নির্বাচনী ইশতেহার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিশেষ করে ঝিনাইগাতীর সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে নেতাকর্মীদের ধৈর্য ও শৃঙ্খলার বিষয়ে তিনি নতুন দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জনসভাকে কেন্দ্র করে শেরপুর জেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা গেছে। শনিবার রাতে জনসভাস্থল পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। সভায় কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের একঝাঁক শীর্ষ নেতা উপস্থিত থাকার কথা রয়েছে, যাদের মধ্যে রয়েছেন সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কলেজ সম্পাদক ইউসুফ ইসলাহী এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ।
এদিকে, কয়েকদিন আগের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে শেরপুর জেলা পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের প্রবেশমুখ ও জনসভাস্থলের চারপাশসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
–লামিয়া আক্তার










