মির্জাপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে শাফিউল ইসলাম শাকিল (২৩) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের বাওয়ার কুমারজানী এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

শাফিউল ইসলাম শাকিল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দেওডোবা গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। তিনি উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো শাকিল শুক্রবার সকাল ৯টায় ভাড়া অটোরিকশা নিয়ে বের হয়। এরপর বাসায় না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। রাত ১০টার পর তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
শনিবার সকালে এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

দুপুরে মহাসড়কের ওই স্থানে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মহাসড়কের ওই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তার পরিচয় নিশ্চিত করেন। শাকিলের বাম চোখ উপড়ানো হয়েছে বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ পারভেজ জানান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

-সাইমুন