মিনিয়াপোলিস সহ যুক্তরাষ্ট্রজুড়ে আইসিইবিরোধী বিক্ষোভ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটার মিনিয়াপোলিস শহরে কেন্দ্রীয় অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসিইর সদস্যদের প্রত্যাহারের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। শুক্রবারের বিক্ষোভে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের সঙ্গে শিশুরাও অংশ নিয়েছে।

আইসিইর তিন হাজার কর্মকর্তা সম্প্রতি শহরে মোতায়েন করা হয়েছে, যা স্থানীয় পুলিশ বিভাগের সংখ্যার প্রায় পাঁচ গুণ। কর্মকর্তারা বিশেষ পোশাক পরে রাস্তায় টহল দিচ্ছেন। এই পদক্ষেপকে কেন্দ্র করে শহরে চলতি মাসে দুই জন নাগরিক নিহত হন। নিহতরা হলেন অ্যালেক্স প্রেটি ও রেনি গুড।

স্থানীয় স্কুলের প্রায় ৫০ জন শিক্ষক ও কর্মীও বিক্ষোভে অংশ নিয়েছেন। বড় শহরগুলোতে, যেমন নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটনে, আইসিইর বিরুদ্ধে একই সময়ে বিক্ষোভ হয়েছে। মোট ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীদের মূল স্লোগান ছিল, “কোনো কাজ চলবে না, কোনো স্কুল চলবে না, কোনো কেনাকাটা চলবে না, আইসিইর জন্য অর্থায়ন বন্ধ করো।”

কাতিয়া কাগান নামের একজন বিক্ষোভকারী বলেন, “আমি এখানে আছি কারণ আমি সেই মার্কিন স্বপ্নের জন্য লড়াই করতে চাই, যেটির জন্য আমার মা-বাবা এখানে এসেছিলেন।” আরেকজন ৬৫ বছরের যোগব্যায়াম প্রশিক্ষক কিম অভিবাসনবিরোধী অভিযানকে “নাগরিকদের ওপর ফেডারেল সরকারের পূর্ণাঙ্গ ফ্যাসিস্ট হামলা” হিসেবে উল্লেখ করেছেন।

বিক্ষোভে রকস্টার ব্রুস স্প্রিংস্টিনও অংশ নেন। তিনি মিনিয়াপোলিসের ডাউনটাউনে তহবিল সংগ্রহ অনুষ্ঠানে নতুন গান ‘স্ট্রিটস অফ মিনিয়াপোলিস’ পরিবেশন করেন।

বেলাল হোসেন /