বগুড়ার শেরপুরে নির্বাচনী পথসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

দীর্ঘ সময় পর শেরপুর ও ধুনটবাসীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পাওয়ায় মহান রব্বুল আল-আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শেরপুর-ধুনট এলাকার মানুষ অতীতে বারবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। যতবার ধানের শীষ বিজয়ী হয়েছে, ততবারই এলাকার উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের এলাকার সন্তান হিসেবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গোলাম মো. সিরাজকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

ঢাকা ফেরার পথে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর শহরের ধুনটমোড় এলাকায় অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তারেক রহমান। পথসভাকে কেন্দ্র করে শেরপুর-ধুনট এলাকার হাজারো মানুষ রাস্তার দুই পাশে ও সভাস্থলে ভিড় জমান, এক নজর তারেক রহমানকে দেখার জন্য।

পথসভায় আরও বক্তব্য দেন শেরপুর-ধুনট আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আলহাজ গোলাম মো. সিরাজ, কেন্দ্রীয় বিএনপির সদস্য একে এম মাহবুবার রহমান হারেজ ও ফজলুর রহমান থোকন, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মামুন, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মানুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মো. কাউসার কলিন্সসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শফিকুল ইসলাম বাবলু, বগুড়া/