ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসন (বাবুগঞ্জ–মুলাদী) এলাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ঢাকা–বরিশাল মহাসড়ক সংলগ্ন রহমতপুর ব্রিজ ও রহমতপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ভোটারদের কাছে জাতীয় পার্টির উন্নয়ন ভাবনা তুলে ধরেন গোলাম কিবরিয়া টিপুর সুযোগ্য কন্যা হাবিবা কিবরিয়া ও তার ভাই গোলাম রব্বানী। তারা মাটির মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দলীয় প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হোসেন তাপস, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হালিম হোসেন, রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জেলানী সাজোয়াল, সাধারণ সম্পাদক হামীদুল রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থান শক্তিশালী রয়েছে এবং আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে প্রচারণা আরও জোরদার করা হবে।
-ফাহিম আহমেদ, বরিশাল










