দিনাজপুরে সাংবাদিকদের নির্বাচনকালীন প্রশিক্ষণ: সত্যের সন্ধানে দুই দিন

গণতন্ত্রের সবচেয়ে সংবেদনশীল সময়ে কলমকে আরও দায়িত্বশীল ও সচেতন করে তুলতে দিনাজপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক মোঃ সাদাকাত আলী খান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এই সময়ে একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদই পারে জনমনে আস্থা তৈরি করতে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক জিএম হিরু। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সাংবাদিক মোঃ ইউসুফ আলীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ ও ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ বাহারাম খান।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো-নির্বাচন রিপোর্টিংয়ের প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়ে সাংবাদিকদের অবহিত করা, সমসাময়িক প্রেক্ষাপটে নির্বাচনকালীন রিপোর্টিংয়ের চ্যালেঞ্জ ও তা উত্তরণের উপায় তুলে ধরা, নির্বাচনী আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া এবং নির্বাচন প্রতিবেদন তৈরিতে নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার গুরুত্ব জোরালোভাবে উপস্থাপন করা। আলোচনা সভা, বক্তব্য প্রদান, পাওয়ার পয়েন্ট উপস্থাপন, অভিমত গ্রহণ ও মক সেশনের মাধ্যমে পরিচালিত এ কর্মশালার লক্ষ্য গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রতিবেদন তৈরিতে প্রতিবেদকদের সক্ষম করে তোলা।
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর