চকরিয়ায় সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল বাবা–ছেলের

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার রাত আটটার দিকে উপজেলার নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল হোসেন (৪৫) চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। তার ছেলে শামীম হোসেনের (১২) সঙ্গেই তিনি মোটরসাইকেলে ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, রাত আটটার দিকে নুরুল হোসেন ছেলেকে নিয়ে বরইতলী থেকে চিরিংগা বাজারের উদ্দেশ্যে রওনা দেন। নলবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

-সাইমুন