সাবেক লঙ্কান অলরাউন্ডারকে বিশ্বকাপের দলে নিল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার শিহান জয়াসুরিয়াকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার ও অফস্পিনার জয়াসুরিয়াকে নিয়ে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ইউএসএ।

৩৪ বয়সী এই বাঁহাতি ব্যাটার ও অফস্পিনার জয়াসুরিয়া ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার জার্সিতে ১২টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন শিহান জয়াসুরিয়া। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের অংশ ছিলেন এই অলরাউন্ডার। আর এবার তিনি খেলতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জার্সিতে।

তবে এখনও যুক্তরাষ্ট্রের হয়ে কোনো ম্যাচ খেলা হয়নি তার। এমন আরেকজন ক্রিকেটার আছেন যুক্তরাষ্ট্রের স্কোয়াডে, তিনি হলেন ২৯ বছর বয়সী লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। পেশোয়ারে জন্ম নেওয়া এই ক্রিকেটারও যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলেননি।

এই স্কোয়াডে আছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সুপার এইটে খেলা ১০ জন ক্রিকেটার। সেই আসরে দলটির হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আন্দ্রেস গাউস। সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সৌরভ নেত্রাভালকার এবং অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তবে এবারের বিশ্বকাপ দলে নেই অ্যারন জোন্স।

-সাইমুন