রাহাত ফতেহ আলী খানের সঙ্গে বিচারক হোমায়রা-রাজা

বেশ কয়েক মাস আগেই পাকিস্তানে শুরু হয়েছে সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাকিস্তানী আইডল’। এই আয়োজনে ‘ভালোবাসা’ শীর্ষক পর্বে অতিথি বিচারক হিসেবে বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়েছেন বাংলাদেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ-এর যোগ্য উত্তরসূরী হোমায়রা বশির ও রাজা বশির। তারা কয়েকদিন আগেই ‘ভালোবাসা’ পর্বে বিচারক হিসেবে অংশগ্রহনের উদ্দেশ্যে করাচীতে গিয়েছেন। গত বুধবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তাদের উপস্থিতিতে এই বিশেষ পর্বের শূটিং সম্পন্ন হয়।

বিচারক হিসেবে হোমায়রা বশির ও রাজা বশির পেয়েছেন পাকিস্তানের পপ সম্রাট আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান’সহ আরো অনেককে। হোমায়রা বশির ও রাজা বশিরের বাবার জন্ম কলকাতায়। পাকিস্তানের বহু সিনেমায় তিনি গান গেয়েছেন। যখন অনুষ্ঠানে হোমায়রা ও রাজা প্রবেশন করেন তখন রাহাত ফতেহ আলী খান ‘ওয়েলকাম টু বশির আহমেদ মিউজিক ইণ্ডাষ্ট্রি’ বলে তাদের স্বাগত জানান। এমনভাবে স্বাগত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েন দুই ভাই বোন। অনুষ্ঠানের পুরোটা সময়জুড়েই বশির আহমেদ-এর প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে তাতে সন্তান হিসেবে হোমায়রা ও রাজা ভীষণ গর্বিত।

হোমায়রা বশির বলেন,‘ আমরা কল্পনাও করতে পারিনি সেখানে গিয়ে আমরা এতোটা সম্মানীত হবো। চিন্তারও বাইরে আমরা সম্মান পেয়েছি বিচারক এবং আয়োজকদের কাছ থেকে। যেহেতু পর্বটার নাম ছিলো ভালোবাসা, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ভালোবাসাকেই উপস্থাপন করা হয়েছে গানে গানে। আমাদের উপস্থিতির এই পর্বটি আমার বিশ্বাস সবারই ভীষণ ভালোলাগবে।’

রাজা বশির বলেন,‘ আমার কাছে পুরো সময়টাই যেন স্বপ্ন স্বপ্ন লাগছিলো। যে আকাশছোঁয়া সম্মান আমার বাবার প্রতি প্রদর্শন করা হয়েছে, আমাদেরকে করা হয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। পুরোটা সময়জুড়ে বাবাকে ঘিরে যে সম্মান দেখানো হয়েছে তা সত্যিই যাবার আগে কিংবা অনুষ্ঠানে উপস্থিত হয়েও কল্পনা করতে পারিনি। শেষে আমি শুধু এতোটুকুই বলেছি-আগামীতে বাংলাদেশ ও পাকিস্তান সুরে সুরে কথা বলবে।’

আয়োজনে হোমায়রা ও রাজা দু’জনেই সঙ্গীত পরিবেশন করেছেন। শুরুতেই বাবা ও মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা পরিবেশন করেন মোস্তফা মেহমুদ পরিচালিত ‘মনের মানুষ’ সিনেমায় বশির আহমেদ ও মিনা বশিরের গাওয়া ‘ওগো প্রিয়তমা ওরা জানতে চেয়েছে’ গানটি। এরপর পাকিস্তানের উর্দু ছবিতে বশির আহমেদ-এর গাওয়া জনপ্রিয় গান ‘হাম চালে ছোর তেরী ম্যাহফিল সনম’, ‘ইয়ে সামা পেয়ারা পেয়ারা’, ‘তুমজো মিলে পেয়ার মিলা’ ও ‘ইয়ে মৌসুম ইয়ে মাস্তে নাজারে’ গানগুলো পরিবেশন করেন। দুই ভাই বোন আগামীকাল ১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। উল্লেখ্য, অনুষ্ঠানটি ‘পাকিস্তানী আইডল’ ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে।

মাহমুদ সালেহীন খান