আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ খুড়ে চা চাষের উদ্যোগ

মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ উপজেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র শমশেরনগর গলফ মাঠ। ঐতিহ্যবাহী এই মাঠটি খুঁড়ে সেখানে চা ও রাবার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ। এতে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রটি সৌন্দর্য হারাতে বসেছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ডানকান ব্রাদার্সের আওতাধীন শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে মাঠটি খোঁড়ার কাজ শুরু করে। পরিকল্পনার অংশ হিসেবে সেখানে চা ও রাবার গাছ রোপণ করা হবে। ইতিমধ্যে মাঠের একটি বড় অংশ খুঁড়ে ফেলা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে জেলার পর্যটন খাত বড় ধরণের ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটক এখানে ঘুরতে আসেন। বাগান কর্তৃপক্ষের এমন  সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। তারা দ্রুত মাঠ খোঁড়ার কাজ বন্ধ করে পর্যটন কেন্দ্রটি রক্ষার দাবি জানান।
নজমুল ইসলাম নামের এক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাগান কর্তৃপক্ষ যে কাজটি করছে তা মেনে নেওয়া যায় না। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা এখানে আসেন। সুন্দর এই জায়গাটি নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে?”
এ বিষয়ে শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। জায়গাটির মালিকানা বা দখলস্বত্ব কার, সেটি খতিয়ে দেখা হবে। হয়তো নিয়মিত ঝামেলার কারণে কর্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে।
তবে তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে।”
-রিপন আহমদ, মৌলভীবাজার