ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুত যুক্তরাষ্ট্র

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার উত্তেজনা আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নিলে তা কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের কোনো অধিকার নেই। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান বিষয়ে যে সিদ্ধান্তই গ্রহণ করুন না কেন, তা বাস্তবায়নে মার্কিন প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে অপেক্ষায় রয়েছে।

তেহরান ও ওয়াশিংটনের দীর্ঘদিনের বিরোধের মূল কেন্দ্রবিন্দু হলো ইরানের পরমাণু কর্মসূচি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই এই ইস্যুতে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয়। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সেই উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে।

পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনব্যাপী সামরিক সংঘাত ঘটে। ওই সংঘাতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

এ সংঘর্ষে ইরানের পরমাণু প্রকল্পসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যদিও পরবর্তীতে যুদ্ধবিরতি কার্যকর থাকে, তবে দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা কমেনি। বরং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এই উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর পদক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ শুরুর কয়েক দিনের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি আন্দোলন দমনে নিষ্ঠুরতা দেখায়, তবে দেশটিতে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে।

যদিও কঠোর দমন-পীড়নের মাধ্যমে ইরান সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, তবুও পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে গত দুই সপ্তাহ ধরে সামরিক শক্তি জোরদার করছে যুক্তরাষ্ট্র। ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ গাইডেড ক্ষেপণাস্ত্র ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একাধিক রণতরীর সমন্বয়ে গঠিত একটি নৌবহর।

সূত্র: এএফপি