জয়া পেলেন বছরের প্রথম সেরা অভিনেত্রী সম্মাননা

ফেসবুক পোস্টে জয়া লিখেছেন, “‘পুতুলনাচের ইতিকথা’’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। জি২৪ ঘণ্টা আয়োজিত বিনোদনের সেরা ২৪ আয়োজনে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য আনন্দের। কৃতজ্ঞ ও অভিভূত।” জয়ার এই পোস্টে ভক্তরা থেকে শুরু করে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী ও নির্মাতারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

জয়া আনন্দবাজার পত্রিকাকে কুসুম চরিত্রটি নিয়ে বলেন, “বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু কুসুমেরও নিজের কামনা-বাসনা রয়েছে, যা সে লুকোয় না। কুসুম একটা খোলা বইয়ের মতো। কুসুমের মন, শরীর ও আত্মা সব এক রকম। এখানেই শশীর সঙ্গে তার পার্থক্য। কুসুম কিন্তু শশীর চরিত্রকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। সে এতটাই খোলা মনের, সতেজ একটি চরিত্র।”

‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমা মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এই উপন্যাসটি ভারতবর্ষ সাময়িকীতে ১৯৩৪ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। প্রকাশের প্রায় ৯০ বছর পর এটি পর্দায় আসার সৌভাগ্য পায়। গত বছরের আগস্টে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই সিনেমা।

সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া। এছাড়া শশী, কুমুদ, যাদব ও সেনদিদি চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আবীর চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়।

জয়ার এই অভিনয় ও সাফল্য দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে। এই পুরস্কার তাঁকে আরও নতুন চরিত্রে অভিনয়ের জন্য উৎসাহ দেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বিথী রানী মণ্ডল/