সাত আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রত্যাহারের আবেদন নাকচ, জামায়াতকে ইসির চিঠি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতটি সংসদীয় আসনের ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশন (ইসি) সেই আবেদন নাকচ করে জানিয়েছে, প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই। ইতোমধ্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে এ চিঠি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৬(২) অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একাধিক প্রার্থী মনোনয়ন দিলে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের কোনো পদধারী ব্যক্তি লিখিত নোটিশের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে চূড়ান্ত প্রার্থী সম্পর্কে অবহিত করতে পারেন। সে ক্ষেত্রে দলের অন্যান্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হবে। তবে এ বিধানে প্রতীক প্রত্যাহারের কোনো সুযোগ নেই।
এ অবস্থায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতীক প্রত্যাহারের আবেদন আইনগতভাবে গ্রহণযোগ্য নয় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। যে সাতটি আসনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক প্রত্যাহারের আবেদন করা হয়েছিল, সেগুলো হলো—চট্টগ্রাম-৮, নরসিংদী-২, ভোলা-২, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৩, সুনামগঞ্জ-১ ও চট্টগ্রাম-১২।
জানা গেছে, নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে শরীক দলগুলোর জন্য ছাড় দিতে এসব আসনে নিজেদের প্রতীক প্রত্যাহারের উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী। তবে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সে উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হচ্ছে না।

এজাজ আহমেদ