ফুলগাজীতে পিএফজির ত্রৈমাসিক সভা

আসন্ন নির্বাচনে ফুলগাজী উপজেলায় সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল পক্ষের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ফিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ফুলগাজী উপজেলার উদ্যোগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার স্টারলাইন সুইটস মিলনায়তনে পিএফজির ত্রৈমাসিক সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সভায় পিএফজির কো-অর্ডিনেটর কবির আহমেদ নাছিরের সঞ্চালনায় পিএফজি অ্যাম্বাসেডর শহিদুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথি ও আলোচক হিসেবে অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুল মতিন, পিএফজি অ্যাম্বাসেডর ফরিদা আক্তার মায়া, সাংবাদিক জহিরুল ইসলাম রাজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহীন, ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসুল।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাইদ হোসেন সাহেদ, সাইফুল ইসলাম, ফুলগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব এনামুল হক এনাম, ফুলগাজী মহিলা কলেজের প্রভাষক শায়লা শান্তা, রিপন ঘোষ, শরিফা আক্তার, আনিসুল আলম, রাশেদ আক্তার, ইউপি সদস্য ফরিদা আক্তার এবং দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড অফিসার খোদেজা আক্তারসহ পিএফজির অন্যান্য সদস্যরা।
বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিভ্রান্তি বা উসকানি যাতে সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা বিঘ্নিত না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটি সুস্থ নির্বাচনী পরিবেশ বজায় রাখা সম্ভব।

তাঁরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির মতো প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্বাচনকালীন সময়ে গুজব প্রতিরোধ, সম্ভাব্য সহিংসতা এড়ানো এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সংলাপ ও সমন্বয় সভা নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

সভা শেষে বক্তারা জানান, সম্প্রীতির ফুলগাজী গড়ে তুলতে পিএফজির এ উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও রাজনৈতিক দল ও সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জহিরুল ইসলাম রাজু , ফেনী