আফ্রিকার দেশ লেসোথোতে নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার শাহ্ আহমেদ শফি দেশটির রাজা লেটসি তৃতীয়-এর কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লেসোথোর রাজধানী মাসেরুর রয়্যাল প্যালেসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচয়পত্র পেশ করা হয়।
প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিচয়পত্র পেশের পর হাইকমিশনার শাহ্ আহমেদ শফি লেসোথোর রাজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার।
বৈঠককালে হাইকমিশনার শাহ্ আহমেদ শফি লেসোথোর রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাজা লেটসি তৃতীয় এই আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং বাংলাদেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চলতি বছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশে একটি উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর সম্মতি প্রদান করেন।
সফরের অংশ হিসেবে হাইকমিশনার লেসোথোর পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র বিষয়ক স্থায়ী সচিবের সাথে পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ এবং কৃষি পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হাইকমিশনার শাহ্ আহমেদ শফি বর্তমানে লেসোথোতে বাংলাদেশের অনাবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই সফরের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রটির সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।