লংগদুসহ ৪ উপজেলায় বিজিবির সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বে ৩৭ ব্যাটালিয়ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে থাকবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জোন অধিনায়ক লে. কর্নেল শাহ নেওয়াজ তাসকিন, পিএসসি।

ব্রিফিংয়ে জোন অধিনায়ক বলেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনগর ব্যাটালিয়নের আওতাধীন লংগদু, নানিয়ারচর, বরকল ও হরিণা—এই চারটি উপজেলায় বিজিবি নিবিড়ভাবে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে পর্যাপ্ত জনবল নিয়োগ, টহল জোরদার, গোয়েন্দা নজরদারি এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান, রাজনগর ব্যাটালিয়ন বর্তমানে সর্বকালের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান বা নাশকতামূলক তৎপরতা রুখে দিতে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অত্র জোনের মেডিক্যাল অফিসার মেজর ইমরান, সহকারী পরিচালক কে. এইচ. এম. গোলাম কিবরিয়া ও বিজিবির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

দর্শন চাকমা, রাঙ্গামাটি