অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৪০ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ষষ্ঠ গ্রেডে (৩৫,৫০০–৬৭,০১০ টাকা) উন্নীত করে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর তাদের যোগদানপত্র দাখিল করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি থাকাকালীন এই পদোন্নতিকে পুলিশ প্রশাসনের মাঠ পর্যায়ের গতিশীলতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশিত তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন আব্দুল কাদের, এ কে এম দৌলত আকবর, মধুসূদন দাস, মো. নাজমুল ইসলাম, মোহাম্মদ সালমান ফারশী, এ কে এম আহসান হাবিব, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, অরিত্র সরকার, নিয়াজ মেহেদী, মরিয়ম আক্তার পিংকি, মো. আসাদুজ্জামান শাকিল এবং রব্বানী হোসেনসহ আরও অনেকে।
এই পদোন্নতির ফলে পুলিশ প্রশাসনের চেইন অফ কমান্ড আরও শক্তিশালী হবে এবং নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের তদারকি বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
লামিয়া আক্তার