একটি গোষ্ঠী গণতন্ত্রের কথা বলে কিন্তু বিশ্বাস করে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি গোষ্ঠী আছে, যারা গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের সমস্ত মানুষ গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে নেমেছে। আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকামী দেশ; তারা বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করছে। কিন্তু আমাদের দেশের মধ্যে একটি গোষ্ঠী আছে- যারা নির্বাচনের পক্ষে নেই। তারা চাইবে, বিভিন্নভাবে নির্বাচন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করার জন্য। তবে দেশের মানুষ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে, নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে। যারা শঙ্কা সৃষ্টি করছে; তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণ তাদের জায়গায়ই আছে।’

আজ বৃহস্পতিবার নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১১ আসনে গণসংযোগকালে তিনি এসব কথা বেলন। আসনটির আওতাধীন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বড়পুল, ছোট পুল, বাদশা মিয়া ব্রিকফিল্ড রোড, ইসলামীয়া বিক্রফিল্ড রোড, সিজিএস কলোনি, সিডিএ, বিল্লাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. সেকান্দর, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদার, সদস্য সচিব মো. মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়া প্রমুখ।
-সাইমুন