একটি দল জনগণকে ঠকিয়ে শিরকের দিকে নিয়ে যাচ্ছে: তারেক রহমান

বিএনপির চেয়াম্যান তারেক রহমান বলেছেন, ভোট ডাকাতির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরেও একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।
তারা ভোট ডাকাতির ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। গত ১৬ বছর ব্যালট ছিনতাই হয়েছে, আমি-ডামি, নিশিরাতের নির্বাচন হয়েছে, আমরা দেখেছি। বিগত দিনে মানুষের রাজনৈতিক ও ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছিল। রাজনৈতিক, বাক স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৬ বছর অনেককে হারিয়েছি।
আমরা বিগত ১৫ বছর দেখেছি, অমুককে দেখেছি, তমুককে ক্ষমতায় রাখার জন্য, সে জন্যই বলেছি দিল্লি নয়। আমরা দেখেছি, যারা ’৭১ সালে ছিল, তারা ওদের সঙ্গে লাইন মেরেছিল। যাদের কথা একটু আগে বললাম, যারা মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে। আমরা দেখেছি, তাদের আস্তানা কোথায়—যেমন দিল্লি নয়, তেমন পিন্ডি নয়, নয় অন্য দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বিশ্বাস করি দেশের সব মানুষ হচ্ছে আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস, সে জন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। কেবল ভোট ও কথা বলার অধিকার নয়, দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে মা-বোনদের, কৃষক-শ্রমিক, যুবকসহ সব শ্রেণির মানুষকে বিএনপি চায় ক্ষমতায় গেলে স্বাবলম্বী করে গড়ে তুলতে।
তিনি বলেন, ‘আরেকটি কথা বলি- আমরা দেখেছি- শহীদ জিয়ার সময়, বেগম খালেদা জিয়ার সময় দেশকে কীভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। দেশে কলকারখানা গড়ে তোলা হয়েছিল, মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছিল। তাই সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আগামী ১২ তারিখে ভোটে জিতে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবো। বাংলাদেশ জিন্দাবাদ।’
বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে ওঠেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে ওঠার সময় হাত তুলে সবাইকে অভিভাবদন জানান তিনি। হাজার হাজার নেতাকর্মীও তাকে হাত তুলে স্বাগত জানান। সঙ্গে সঙ্গেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকরা। এসময় স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে আলিয়া মাদরাসা ময়দান।
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির প্রথম নির্বাচনী জনসভার কার্যক্রম।
তিনি আরোও বলেন, একটি দল জনগণকে ঠকিয়ে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। আর যারা পালিয়ে গিয়েছে, যারা বাক-স্বাধীনতা, ভোটের অধিকার কেড়ে নেয়েছিল, তারাই ইলিয়াস আলীর মতো শত হাজার মানুষকে হত্যা করেছে। গুম খুনের মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। লাখ লাখ মানুষের এই জমায়েতের জন্য হাজারো মানুষ ২০২৪ সালে জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের গণতন্ত্রকামীরা। ২০২৪ সালের ৫ আগস্ট স্বাধীনতাকে রক্ষা করেছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সিলেট-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারম্যানের আরেক উপদেষ্টা ও সিলেট-৪ আসনে দলীয় প্রার্থী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-২ আসনের প্রার্থী চেয়ারম্যানের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী ও চেয়ারম্যান উপদেষ্টা খন্দকার আব্দুল মালিক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
-আহমেদ পাবেল, সিলেট