আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। তবে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, শেষ পর্যন্ত বয়কটের পথ পরিহার করে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বোর উদ্দেশ্যে যাত্রার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে তাদের স্কোয়াডের ভ্রমণসূচি চূড়ান্ত করেছে। ফলে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কার্যত কেটে গেছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিরাপত্তা ইস্যু এবং আইসিসির সঙ্গে কিছু মতবিরোধকে কেন্দ্র করে পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের গুঞ্জন জোরালো হয়। তবে পিসিবির ভেতরের একটি সূত্র জানিয়েছে, এসব আলোচনার কোনো বাস্তব ভিত্তি নেই। বিশেষ করে আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পিসিবির মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ভারত–পাকিস্তানের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা। যেহেতু এবারের বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, তাই টুর্নামেন্ট বা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার মতো যুক্তিসংগত কারণ পিসিবির হাতে নেই।
এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন। সেখানে সিদ্ধান্ত হয়, পাকিস্তান ক্রিকেটের স্থিতিশীলতা রক্ষা এবং আইসিসির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই অগ্রাধিকার। সরকারের পক্ষ থেকেও বরাবরই বলা হয়েছে, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়। শেষ মুহূর্তে ভারত ম্যাচ বয়কট করলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের অবস্থান দুর্বল হতে পারত।
সব মিলিয়ে, শুক্রবারের মধ্যেই পিসিবি আনুষ্ঠানিকভাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
-এমইউএম










