পদত্যাগ নিয়ে ছড়ানো গুজব নাকচ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছুটি ও পদত্যাগ নিয়ে ছড়ানো গুজব সরাসরি নাকচ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি কোনো ছুটির দরখাস্ত দিইনি, ছুটি মঞ্জুরও হয়নি, এমনকি ছুটি নেওয়ার কোনো ইচ্ছাও নেই। আমি প্রতিদিন রাত ১০টার আগে বাসায় যেতে পারি না। ছুটি নেওয়ার সময় কোথায়?’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে গভর্নর আরও বলেন, ‘সম্মিলিত ইসলামী ব্যাংককে ঘিরে ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে টাকা ছড়িয়ে উসকানি দিচ্ছে।’ তার দাবি, নবগঠিত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করি। প্রতিবাদের অধিকার সবার আছে। তবে কাজের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে, গ্রাহকদের সন্তুষ্ট করতে আমরা সক্ষম হয়েছি।’

তিনি এসব গুজবকে ভিত্তিহীন উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

-এমইউএম