সোফি মলিনিউ হলেন অস্ট্রেলিয়ার নতুন নারী অধিনায়ক

অ্যালিসা হিলির অবসরের পর অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সোফি মলিনিউ। তিন সংস্করণে (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) তিনি দলের নেতৃত্ব দেবেন।

আগে সম্ভাব্য দুই অধিনায়ক হিসেবে মনে করা হচ্ছিল তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যাশ গার্ডনারকে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে মলিনিউকে বেছে নেওয়া হয়েছে। সহ-অধিনায়কের দায়িত্ব রয়ে গেছে ম্যাকগ্রার, আর অ্যাশ গার্ডনারকে দেওয়া হয়েছে দ্বিতীয় সহ-অধিনায়কের পদ।

মলিনিউ আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা পাচ্ছেন প্রথমবার। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে তার নেতৃত্বের যাত্রা। মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক ঘটবে। ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্টেই অ্যালিসা হিলি আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন।

২৮ বছর বয়সী মলিনিউ নিয়মিত দলগত অধিনায়ক নন, এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাও সীমিত। তিনি খেলেছেন মাত্র ৩টি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ৩৮টি টি-টোয়েন্টি। ব্যাটিংয়ে বড় কিছু না করলেও বোলিং রেকর্ড ভালো। নিয়মিত খেলতে পারেননি হাঁটুর চোটের কারণে।

জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, চোটের কারণে মলিনিউকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হতে পারে। এজন্য দুই সহ-অধিনায়ক রাখা হয়েছে।

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি মেগান শুটের, ফলে তার ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়েছে। টি-টোয়েন্টিতে তিনি টিকে আছেন। অন্যদিকে লেগ স্পিনিং অলরাউন্ডার অ্যালান কিং দল থেকে বাদ পড়েছেন। ফিরেছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার নিকোলা কেয়ারি, আর প্রথমবার জাতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টন।

-এমইউএম