সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় বুধবার সকাল ১০টায় জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সৈয়দ মহিবুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামাল উদ্দিন এবং ক্রীড়া শিক্ষক তাসনিম বেগম।
প্রধান শিক্ষক নাসিমা রহমান তার লিখিত বক্তব্যে বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত মনোভাব গড়ে ওঠে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ছাত্রী সংখ্যার দিক থেকে জেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও শিক্ষার্থীরা সুনামগঞ্জে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এসময় বক্তারা বলেন, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের পরিপূরক। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত খেলাধুলা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
-মোঃ মাইনুদ্দীন, সুনামগঞ্জ