আমতলী বাজারে লীজকৃত জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সরকারিভাবে লীজ নেওয়া দোকান ভিটার জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশু মিয়া বিজয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বিজয়নগর থানাধীন আমতলী বাজারে অবস্থিত সাতগাঁও মৌজার সরকারি খাস ভূমিতে জেলা প্রশাসনের অনুমোদনে স্থায়ী একসনা লাইসেন্সের ভিত্তিতে শিশু মিয়া একটি দোকান ভিটার জায়গা লীজ গ্রহণ করেন। উক্ত জায়গাটি মোকদ্দমা নং- ১০০/০৮-০৯-এর অন্তর্ভুক্ত এবং জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া ও সহকারী কমিশনার (ভূমি), সদর কার্যালয়ের স্মারক অনুযায়ী বৈধভাবে বন্দোবস্তকৃত।ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সাতগাঁও গ্রামের আলমগীর হোসেন (৪২) ওই লীজকৃত জায়গা থেকে জোরপূর্বক চার লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২২ জানুয়ারি বিকাল আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত ব্যক্তি দোকানঘর উত্তোলনের চেষ্টা করেন।বাধা দিলে অভিযুক্ত আলমগীর হোসেন ক্ষিপ্ত হয়ে শিশু মিয়া ও তার ছেলে শাফি উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে মারধরের হুমকি দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভুক্তভোগীরা নীরব থাকেন। তবে ঘটনাস্থল ত্যাগের আগে অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে জায়গা নিয়ে কোনো প্রতিবাদ করলে একা পেলে হত্যা করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে সাক্ষী হিসেবে আরও দুইজন স্থানীয় বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী শিশু মিয়া বলেন,আমি বৈধভাবে লীজ নেওয়া জায়গায় ব্যবসা করি। এখন আমাকে ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ করার চেষ্টা চলছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি