হোসেনপুরে প্রশাসনের যৌথ অভিযানে ভেকু ও ট্রাক্টর জব্দ

কিশোরগঞ্জের হোসেনপুর ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে
গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ বালুর টারে হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ সংলগ্ন চর হটর আলগী ও গফরগাঁওয়ের চর আলগী মৌজার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর (ভেকু) এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়।

হোসেনপুর উপজেলার ​পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট​ মোহসী মাসনাদ, গফরগাঁও উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ​আমীর সালমান রনি এ সময় যৌথ নেতৃত্ব দেন। সার্বিকভাবে সহযোগিতা করেন, হোসেনপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)​ মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং ​বাংলাদেশ সেনাবাহিনী, ১৯ আর্টিলারি ব্রিগেডের সদস্যবৃন্দ।

​হোসেনপুরের সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ সংবাদমাধ্যমকে জানান
​”পরিবেশ রক্ষা এবং ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সীমান্ত এলাকা ব্যবহার করে অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছিল, যা নদের গতিপথ ও ফসলি জমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মোঃশামছুল হক
হোসেনপুর,কিশোরগঞ্জ