প্রমাণ ছাড়াই তারেক রহমানের নাম জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতি: মাহদী আমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বিএনপি ও ছাত্রদলকে দায়ী করার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। কোনো প্রমাণ বা তদন্ত ছাড়াই যেকোনো ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়াকে তিনি ‘ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহদী আমিন এসব কথা বলেন।
মাহদী আমিন দাবি করেন, ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বিধি ভেঙে সময়ের আগেই প্রচারণা শুরু করেছেন এবং ভাইরাল হওয়ার জন্য বিএনপির বিরুদ্ধে নিয়মিত বিষোদগার করছেন। তিনি বলেন, “বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে অবিরত অশালীন আচরণ করা সত্ত্বেও তিনি যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। অথচ পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের পর কোনো প্রমাণ ছাড়াই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন যে, এটি তারেক রহমানের সমর্থনে ও মির্জা আব্বাসের নির্দেশে হয়েছে।”
হাবিবুল্লাহ বাহার কলেজে ঘটে যাওয়া এই ঘটনার বিষয়ে মাহদী আমিন কিছু প্রশ্ন তোলেন: কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি এবং সাধারণ শিক্ষার্থীরাই তাকে বাধা দিয়েছিল। আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি কেন বিপুল সংখ্যক বহিরাগত নিয়ে প্রবেশ করলেন? তার আসার খবর নিশ্চিত না থাকলেও কারা সেখানে আগে থেকে ডিম প্রস্তুত রাখল?
মাহদী আমিন তাঁর পোস্টে আরও বলেন, তথ্য ছাড়াই সরাসরি তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদেরই একটি ধরন। শেখ হাসিনার আমলের উদাহরণ টেনে তিনি বলেন, নিয়মিত এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। নির্বাচনকে ‘অযৌক্তিক নাটকীয়তার মঞ্চ’ না বানাতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই এনসিপি ও বিএনপি প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও উত্তজনা বিরাজ করছে।
লামিয়া আক্তার