আশাশুনিতে প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে সহায়তা, শিশু বিনোদন কেন্দ্রের উদ্বোধন

সাতক্ষীরার আশাশুনিতে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, শিশু বিনোদন কেন্দ্র উদ্বোধন এবং নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আশাশুনি উপজেলা পরিষদ চত্বর ও প্রতাপনগর এলাকায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়াদ্দার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাজারিন মিশন, ইএসডিও ও রূপান্তর এনজিওর পক্ষ থেকে বিভিন্ন উপকরণ ও কম্বল বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে একজন প্রতিবন্ধী ও অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়।

এর আগে জেলা প্রশাসক অফিসার্স ক্লাবের সামনে শিশুদের বিনোদনের জন্য নির্মিত “কচি কাঁচার মেলা” নামের একটি বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর পরিকল্পনা ও বাস্তবায়নে কচি কাঁচার মেলায় শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন রাখা হয়েছে। এখানে স্লিপার, দোলনা ও অন্যান্য বিনোদনমূলক স্থাপনা নির্মাণ করা হয়েছে। প্রধান অতিথি লাল ফিতা কেটে ও লাল কাপড় সরিয়ে উদ্বোধনী ফলক উন্মোচন করেন।

অন্যদিকে উপজেলার প্রতাপনগর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা/