কুলাউড়ায় আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আগামী ৭ ফেব্রুয়ারি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই দিন বেলা ১১টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইয়ামীর আলী ডা. শফিকুর রহমানের এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সিলেট বিভাগে মোট চারটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তাঁর ওই দিনের সম্ভাব্য সময়সূচি হলো:

সকাল ১০টা: হবিগঞ্জে নির্বাচনী জনসভা।

বেলা ১১টা: কুলাউড়া (মৌলভীবাজার) নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জনসভা।

দুপুর: সুনামগঞ্জে জনসভা।

বিকেল: সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় অংশগ্রহণ।

কুলাউড়ায় জামায়াত আমিরের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা সফল করতে ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণ ও প্রচার-প্রচারণার প্রস্তুতি শুরু করেছে উপজেলা জামায়াত। জেলা আমির ইয়ামীর আলী জানান, ইনসাফ কায়েম ও আসন্ন নির্বাচনের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতেই আমিরের এই সফর।

কুলাউড়ার এই জনসভায় জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং বিশাল জনসমাগমের আশা করা হচ্ছে।

-মো. আব্দুল কালাম, কুলাউড়া (মৌলভীবাজার)