রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তিনি রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সারা দেশের মতো রূপগঞ্জেও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ধানের শীষকে বিজয়ী করতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে লাখো মানুষ মাঠে নেমেছে।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল তারা রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল।

তিনি আরও বলেন, আপনাদের মূল্যবান ভোটে যদি আমি রূপগঞ্জের এমপি নির্বাচিত হই, তাহলে একটি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলবো। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। রূপগঞ্জে কোনো সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদকের স্থান হবে না।

-সাইমুন