ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমার পদত্যাগের ঘোষণা,যা বললেন জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তবে এ বিষয়ে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জানিয়েছেন, পদত্যাগের কোনো দাপ্তরিক তথ্য বা পত্র এখনো তাদের কাছে আসেনি। আজ দুপুরে ডাকসু ভবনে ‘ডাকসুর চার মাস: দায়িত্ব গ্রহণ ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ‘প্রতিনিধি সম্মেলন স্মারকগ্রন্থের’ মোড়ক উন্মোচন করা হয়।

এস এম ফরহাদ বলেন, “সাধারণত পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয় লিখিত আকারে আমার কাছে আসার কথা। এখন পর্যন্ত আমি তেমন কিছু পাইনি। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো পোস্ট বা বক্তব্য আমার কাছে বিবেচনার বিষয় নয়।”

সর্ব মিত্র চাকমার বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জিএস বলেন, “বিশ্ববিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে এবং অন্যান্য অন্যায়-অবিচারের বিরুদ্ধে আমরা অবস্থান নিই। কিন্তু আমরা বারবার দেখেছি, প্রশাসন আমাদের অসহযোগিতা করেছে; বরং অনেক ক্ষেত্রে কাজ বাস্তবায়নে বাধা দিয়েছে। এমনকি ছোট ছোট সংস্কার থেকে শুরু করে বড় প্রকল্প সবখানেই শিক্ষক ও কর্মচারীদের একটি বিশেষ চক্র যৌথভাবে আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেছে।”

তিনি আরও যোগ করেন, “এত চ্যালেঞ্জের পরেও আমাদের নির্বাচিত সদস্যরা কাজ জারি রেখেছেন। আমাদের মূল ভূমিকা হলো অ্যাডভোকেসি করা। যেমন, মসজিদ সংস্কারের ক্ষেত্রে আমরা কেবল ‘অ্যাক্সেস পয়েন্ট’ তৈরি করে দিই, কাজ সংশ্লিষ্টরাই করেন। এর বাইরে আমরা সরাসরি কিছু করি না।”

সদস্যদের ব্যক্তিগত উদ্যোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, “কোনো সদস্য সরাসরি কিছু করতে চাইলে আমরা তাকে জানাই যে, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ। কোনো প্রতিনিধি যদি প্রশাসনের সহযোগিতা না পেয়ে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে নিজে সরাসরি কোনো পদক্ষেপ (অ্যাকশন) নেন, তবে সেটি কাম্য নয়। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসন বা অথরিটিকেই এসব বিষয় নিশ্চিত করতে হবে।”

-এমইউএম