বিশ্বকাপে ভারতে খেলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশের ওপর আইসিসি যে পদক্ষেপ নিয়েছে, তাতে তীব্র ক্ষুব্ধ হয়েছে পাকিস্তান। কীভাবে আইসিসির ক্ষতি করা যায় বা কোন ভাষায় কড়া প্রতিবাদ জানানো যায়—সেই উপায় খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তান পুরো বিশ্বকাপই বয়কট করতে পারে। তবে ‘জিও সুপার’-এর অন্য এক সূত্রে জানা গেছে, তারা কেবল ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার কথা ভাবছে।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। সালমান আগার নেতৃত্বাধীন দলটি তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। পিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানা ধরন যাচাই করছে এবং সব পথই খোলা রেখেছে; যার মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার বিষয়টিও রয়েছে। সূত্রগুলো আরও উল্লেখ করেছে, কেবল ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করে আইসিসিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলার পরিকল্পনাও তাদের রয়েছে। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতেও দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। সেই আলোচনার পরই ঘোষণা আসবে—পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে কি না, নাকি কেবল ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে।
-এমইউএম










