সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় চান প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শংকামুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে এই উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

মতবিনিময় সভার শুরুতেই প্রধান উপদেষ্টা দেশের প্রতিটি সংকটে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দীর্ঘ সময় ধরে অত্যন্ত ধৈর্য ও অসামান্য পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী যে ভূমিকা রেখেছে, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

সভায় আসন্ন নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করার ওপর জোর দেন। তিনি সশস্ত্র বাহিনীকে সম্পূর্ণ পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিশেষ নির্দেশনা দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সশস্ত্র বাহিনীর সক্রিয় সহযোগিতায় দেশের মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এই মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও সরকারের সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লামিয়া আক্তার