ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণতন্ত্র মঞ্চ সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থী জুঁই চাকমা প্রচারণার তৃতীয় দিনে লংগদু উপজেলার লংগদু-মাইনিমূখ বাজারে নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) আয়োজিত পথসভায় জুঁই চাকমা বলেন, তিনি যেখানে যাচ্ছেন সেখানেই ভোটারদের মধ্যে ভোটের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা লক্ষ্য করছেন। ভোটাররা জানতে চাচ্ছেন তারা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না।
তিনি এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভোটের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দ্রুত সুস্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন। মানুষ নিশ্চয়তা চায় তারা যেন ভয়ভীতি ছাড়া ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।
জুঁই চাকমা বলেন, অনিরাপদ পরিবেশে মানুষ কখনোই ভোটকেন্দ্রে যাবে না। এ কারণে তিনি গণহারে গ্রেপ্তার বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, গণঅভ্যর্থনের মাধ্যমে মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় বুক বেঁধেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।
পথসভায় তিনি বলেন, সম্প্রতি একটি পক্ষ গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উন্নয়ন প্রসঙ্গে জুঁই চাকমা বলেন, লংগদু একটি বৃহৎ উপজেলা। এ উপজেলাকে জেলা ঘোষণা করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। পাশাপাশি লংগদুকে রাঙামাটি জেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগের মাধ্যমে আধুনিক ও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতার বক্তব্যের সমালোচনা করে জুঁই চাকমা বলেন, “৮০ শতাংশ মুসলমানের দেশে কোনো বিধর্মী জাতীয় সংসদ সদস্য হতে পারবে না” এই বক্তব্য লংগদু কিংবা রাঙামাটির মানুষের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, রাঙামাটি ও লংগদুর মানুষ ধর্মীয় বিভাজনে বিশ্বাসী নয়।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, লংগদু উপজেলার জনগণ কোদাল মার্কায় ভোট দিয়ে প্রমাণ করবে যে তারা প্রগতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে।
পথসভায় উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য মঈন উদ্দিন, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা, নির্বাচনী প্রধান এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, পার্টির স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দর্শন চাকমা, রাঙ্গামাটি










