পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপশ্চিমাঞ্চলীয় দেরা ইসমাইল খান জেলায় একটি বিয়ের অনুষ্ঠানের সময় ওই আত্মঘাতী হামলা চালানো হয়। যে ভবনে হামলাটি ঘটে, সেখানে স্থানীয় শান্তি কমিটির সদস্যরা অবস্থান করছিলেন। শান্তি কমিটিগুলো আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গি তৎপরতা মোকাবিলায় সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত।
পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, হামলায় প্রথমে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত এক ডজন মানুষ।
বিয়ের অনুষ্ঠানের অতিথিদের লক্ষ্য করে চালানো এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
উল্লেখ্য, আফগান সীমান্তের দুই পাশেই সক্রিয় পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তালেবান, যা পাকিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত। স্থানীয় বাসিন্দাদের নিয়ে গঠিত শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে আসছে এই গোষ্ঠী।
পাকিস্তানের কয়েকটি সুন্নিপন্থি জঙ্গি সংগঠনের মধ্যে পাকিস্তানি তালেবান অন্যতম। ১৯৯৭ সাল থেকে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসা এই সংগঠনটি পাকিস্তানের শাসনব্যবস্থার পরিবর্তে কঠোর ইসলামি আইন প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করেছে।
ইসলামাবাদের অভিযোগ, আফগান তালেবান পাকিস্তানি তালেবানকে আফগানিস্তান থেকে হামলার পরিকল্পনায় সহায়তা করছে। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলছে, জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
সূত্র: রয়টার্স
-এমইউএম










