বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সম্প্রতি দেশে যে কয়েকবার ভূমিকম্প হয়েছে, তা মূলত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। তিনি বলেন, “মুনাফেকি ও ধোঁকাবাজির জন্য আল্লাহ আমাদের সাবধান করেছেন। তাই শিরককারী, মুনাফেক ও ধোঁকাবাজদের হাত থেকে এই দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।” গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন বাসাইল এলাকায় জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
তারেক রহমান বলেন, “এই দেশটাকে আমাদের নতুন করে গড়তে হবে। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতা যে স্বাধীনতা ফিরিয়ে এনেছে, তাকে অর্থবহ করতে হবে।” সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিপদের সময় একজন তো দিল্লি পালিয়ে গেছে, আর অন্য কেউ সামান্য কিছু হলেই পিণ্ডি চলে যায়। কিন্তু খালেদা জিয়া কোথাও যাননি; তিনি সবসময় বলেছেন—এই দেশের মাটিই আমার ঠিকানা। আমরাও এই মাটি কামড়েই দেশ গড়বো।”
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে দেওয়া হয়নি। সাধারণ মানুষের ভাগ্যে জুটেছে শুধু গুম, খুন এবং গায়েবি মামলা। তিনি অভিযোগ করেন, জনগণের টাকা বিদেশে পাচার হওয়ার কারণেই আজকে রাস্তাঘাট, স্কুল-কলেজ ও হাসপাতালের অবস্থা এতো জীর্ণ। বেকারদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি।
বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য—করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষ জিতলে বাংলাদেশ এগিয়ে যাবে।”
উপস্থিত নেতৃবৃন্দ ও প্রার্থীরা: নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের প্রার্থী খায়রুল কবির খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের প্রার্থী মনজুর এলাহীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন:
ড. আবদুল মঈন খান: স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের প্রার্থী।
এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে জয়নাল আবেদীন, শিরিন সুলতানা, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলসহ যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য রাখেন। গভীর রাত পর্যন্ত হাজার হাজার নেতা-কর্মী অধীর আগ্রহে তাদের প্রিয় নেতার ভাষণ শোনার জন্য অপেক্ষা করেন।