কুমিল্লায় পিস্তল-গুলিসহ জামায়াতপন্থি আইনজীবী আটক

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০টি গুলিসহ আদালত পুলিশের সহকারী পাবলিক প্রসিকিউটর (এজিপি) অ্যাডভোকেট কে আই এম মাসুদুল হক ওরফে মাসুমকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই অভিযান চালানো হয়। আটক মাসুদুল হক কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হকের ছোট ভাই এবং নিজে একজন জামায়াতপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে টমছমব্রিজ এলাকা থেকে প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে ৫টি গুলি ও ১টি ছুরিসহ আটক করা হয়। পরে তার মোবাইল ফোন তল্লাশি করে অস্ত্রের ছবি পাওয়া যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফুল স্বীকার করেন যে, অস্ত্রটি আইনজীবী মাসুদুল হকের বাসায় রাখা আছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অ্যাডভোকেট মাসুদুলের বাসায় অভিযান চালায় এবং তার ড্রয়ার থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫টি গুলি উদ্ধার করে।
কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক আইনজীবী এবং যুবক আরিফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানিয়েছেন, তিনি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শুনেছেন। থানা থেকে মামলার নথিপত্র হাতে পেলে তিনি সরকারি কৌঁসুলির (জিপি) সঙ্গে আলোচনা করে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠাবেন। এরপর মন্ত্রণালয় তার এজিপি পদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মাসুদুল হক মহানগর জামায়াতের শীর্ষ নেতার ভাই হওয়ায় এই ঘটনা নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে মহানগর জামায়াতে ইসলামীর দায়িত্বশীল কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে যে, এই অস্ত্র কোনো নাশকতা বা নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল কি না।
লামিয়া আক্তার