জেলখানা ও আইনি হেফাজতে থাকা ভোটারদের পোস্টাল ভোটে নির্দেশিকা জারি ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলখানা ও আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ নির্দেশিকা কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতিতে জেলখানা বা আইনি হেফাজতে আটক ভোটাররা ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে ভোটার তালিকাভুক্তি সম্পন্ন হবে। নিবন্ধনের জন্য ব্যবহার করা হবে বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম (prisoner.ocv.gov.bd)। নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য জেলখানা বা হেফাজত কর্তৃপক্ষ দু’জন করে প্রতিনিধি মনোনয়ন দেবেন।

নিবন্ধন শেষে সিল ও স্বাক্ষরযুক্ত মুদ্রিত তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং একই সঙ্গে ভোটারদের তথ্য নির্ধারিত পোর্টালে আপলোড করা হবে। নিবন্ধিত ভোটাররা কর্তৃপক্ষের মাধ্যমে পোস্টাল ব্যালটের খাম পাবেন। ওই খামে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ব্যালট পেপার, ভোট প্রদানের নির্দেশনা, ঘোষণাপত্র এবং রিটার্নিং অফিসারের ঠিকানাসংবলিত ফেরত খাম থাকবে।

ভোটদানের জন্য জেলখানা বা হেফাজত কর্তৃপক্ষ গোপন কক্ষের ব্যবস্থা করবে। ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। ভোটাররা প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন। ভোট শেষে ব্যালট পেপার ও ঘোষণাপত্র নির্ধারিত খামে ভরে জমা দিতে হবে।

ভোটগ্রহণ শেষ হলে পোস্টাল ব্যালটের খামগুলো নিরাপদে সংরক্ষণ করে দ্রুত ডাক বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। এ ক্ষেত্রে কোনো ডাক মাশুল দিতে হবে না; ব্যয় বহন করবে সরকার।

সাবরিনা/