বছরে ২ হাজার টন মাছ উৎপাদনের লক্ষ্য প্রাণ-আরএফএলের

ইলিশ মাছ চাষে উদ্যোগ নিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ। রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) প্রযুক্তির মাধ্যমে সামুদ্রিক মাছ ইলিশ, এশিয়ান সিবাস ও গ্রুপার উৎপাদন শুরু করবে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড।

এই লক্ষ্য বাস্তবায়নে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এ্যাসেনটপ্ট অ্যাকুয়া ও হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে দুই বছরে মোট ৩ কোটি ইউরো বিনিয়োগ করবে প্রতিষ্ঠান দুটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের পক্ষে নির্বাহী পরিচালক নাসের আহমেদ এবং এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার পক্ষে ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক ইয়েনস ওলে ওলেসেন নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সমঝোতা স্মারকে সই করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, এ্যাসেনটপ্টের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কোর ম্যানেজিং পার্টনার থমাস সুদারলিন্ড, এ্যাসেনটপ্টের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন মো. ইউসুফ এবং প্রাণ-আরএফএল গ্রুপের কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটিতে আরএএস প্রযুক্তি ব্যবহার করে ইনডোর ও সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে মাছ চাষ করা হবে। চট্টগ্রাম বিভাগের মীরসরাই অর্থনৈতিক অঞ্চল অথবা উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত অন্য কোনো উপযুক্ত স্থানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রতিটি মাছের গড় ওজন হবে ১ কেজি ২০০ গ্রাম থেকে ১ কেজি ৫০০ গ্রামের মধ্যে। উৎপাদিত মাছের একটি বড় অংশ রপ্তানি করা হবে এবং অবশিষ্ট অংশ স্থানীয় বাজারের চাহিদা পূরণে সরবরাহ করা হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বছরে প্রায় ২ হাজার মেট্রিক টন মাছ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা বলেন, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সামুদ্রিক মাছের বাড়তে থাকা চাহিদার কথা বিবেচনায় নিয়ে আরএএস পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়েছে প্রাণ গ্রুপ। উন্নত দেশগুলোতে স্বল্প জায়গায় এই প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে মাছ উৎপাদন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে সিবাস মাছ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ্যাসেনটপ্ট অ্যাকুয়ার ড. ইয়েনস ওলে ওলেসেন বলেন, তাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস ২০১৬ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে মাছ চাষে কাজ করে আসছে। বাংলাদেশে আরএএস প্রযুক্তিভিত্তিক একটি মাছ চাষ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে ড্যানিশ সরকারের অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। এই পদ্ধতিতে ব্রুডস্টক সুবিধাসহ হ্যাচারি স্থাপন করে উন্নতমানের ও সুস্বাদু সামুদ্রিক মাছ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

আফরিনা সুলতানা/