নির্বাচনি প্রচারণার প্রথম দিনে লক্ষ্মীপুরে ফেস্টুন টানানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬নং ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামের রিফুজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিএনপি কর্মী মো. শাহজাহান, ভবানীগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরে ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন, অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, সকালে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ডা. মুহাম্মদ রেজাউল করিমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে তার লোকজন ফেস্টুন টানানোর জন্য রিফুজি মার্কেট এলাকায় যান। ওই সময় বিএনপির কর্মী শাহজাহান তাদের বাধা দেন। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষেরই চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর বিএনপি কর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
-সাইমুন










