দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আসন্ন ১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২১ জানুয়ারি -২০২৬ বুধবার সকাল ১০টা থেকে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়।
প্রার্থীরা নিজেরা কিংবা তাঁদের প্রতিনিধিদের মাধ্যমে প্রতীক গ্রহণ করেন। এর আগে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম নির্বাচনের বিভিন্ন আইন ও আচরণবিধি সম্পর্কে সকল প্রার্থী ও তাদের প্রতিনিধিদের অবগত করেন এবং নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক ও নির্দেশমূলক বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুর ই আলম সিদ্দিকী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী চলা এই কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, মুসলিম লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, কমিউনিস্ট পার্টি, জাকের পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের দলীয় প্রতীক গ্রহণ করেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরাও পছন্দ অনুযায়ী নিজেদের প্রতীক বরাদ্দ নেন।
প্রতীক বরাদ্দকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশের এলাকায় দেখা যায় উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মী। আনন্দ-উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর