গলায় ফাঁস দিয়ে শিশুর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে সোহাগ শেখ নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী শেখের ছেলে এবং বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে সোহাগ নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে তার মা তাকে খাবার খেতে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে সোহাগ শেখ আত্মহত্যা করেছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-নাজিম উদ্দিন, নড়াইল