সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে একটি রেকর্ডভুক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ধানদিয়া ইউনিয়নের কাটাখালি গ্রামের প্রবাসী মো. ফজলুর রহমান সরদারের স্ত্রী মোছা. নবিরন তাঁর স্বামীর নামে একই এলাকার মৃত মো. হানেফ গাজীর ছেলে প্রতিবন্ধী মো. জাহাঙ্গীর গাজীর কাছ থেকে ধানদিয়া কৃষ্ণনগর মৌজার ১৭৬২ নম্বর দাগে অবস্থিত একটি রেকর্ডীয় সম্পত্তি দোকানসহ ক্রয় করেন। ক্রয় সূত্রে মালিকানা পাওয়ার পর প্রবাসীর স্ত্রী নবিরন ওই জমি ও দোকানের দখল বুঝে নিতে গেলে জমি বিক্রেতা জাহাঙ্গীর গাজীর বড় ভাইয়ের ছেলে মো. জুয়েল হোসেন নিজেকে এজমালি সম্পত্তির ওয়ারিশ দাবি করে জোরপূর্বক দোকানটি দখলে নিয়ে তালা লাগিয়ে দেন।
পরবর্তীতে প্রবাসীর স্ত্রী নবিরন ও জমিদাতা জাহাঙ্গীর আলম দোকানটি উদ্ধার করতে গেলে জুয়েল হোসেন দোকানটি নিজের দাবি করে বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময় তিনি জাহাঙ্গীরকে বেধড়ক মারধর করে দোকানটি দখলে রেখে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মোছা. নবিরন বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
-তরিকুল,সাতক্ষীরা জেলা /










