চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে অবস্থিত বিএসআরএম (BSRM) স্টিল কারখানায় স্লাগ বিস্ফোরণে সাতজন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সোনাপাহাড় এলাকায় কারখানার স্টিল-২ সেকশনে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত শ্রমিকরা হলেন— আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে কাজ চলাকালীন কারখানার স্টিল মিল-২ সেকশনে জমে থাকা বর্জ্য বা ময়লার স্লাগ (Slag) হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা সাত শ্রমিক চোখে-মুখে আঘাত পান এবং দগ্ধ হন। আহতদের মধ্যে আব্দুল হামিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক জানান, “হাসপাতালে আনা সাত শ্রমিকের চোখে-মুখে গরম ময়লা ঢুকে গিয়েছিল। একজনের শ্বাসকষ্টজনিত (অ্যাজমা) জটিলতা দেখা দেওয়ায় তাকে চমেকে রেফার করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে এখন বিপদমুক্ত।”
বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা দাবি করেছেন, এটি বড় কোনো বিস্ফোরণ নয়। তিনি বলেন, “কারখানার ২ নম্বর গেটের কাছে ময়লার স্লাগে সামান্য আগুন লেগেছিল। আমাদের নিজস্ব অগ্নিনির্বাপক দলই দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।”
অন্যদিকে, বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।