জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সালে লোকসংগীতে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন জয়পুরহাটের কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী ঐশী রানী দৃষ্টি। সোমবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে লোকসংগীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহে আটটি বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করে শিক্ষা ও সংস্কৃতির অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ঐশী রানী দৃষ্টি। ঐশী কালাই পৌরসভার নয় নাম্বার ওয়ার্ডের মৃত দীপক মহন্ত ও শ্যামলী রানী মহন্ত’র মেয়ে।
ঐশী বলেন, লোকসংগীতে ‘গ’ গ্রুপে আটটি বিভাগের বিজয়ীদের সাথে প্রতিযোগিতা করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি।
কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন, এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং পুরো উপজেলার জন্যই গর্বের বিষয়। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আগামীতে জাতীয় পর্যায়ে আরও গৌরবময় সাফল্য বয়ে আনবে।
-জয়নাল আবেদীন জয়
জয়পুরহাট প্রতিনিধি










