১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে জনগণকে : আসিফ নজরুল

অন্তর্বতীকালীনন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ প্রকৃতভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। তাঁর অভিযোগ, বিভিন্ন কৌশলের মাধ্যমে ভোটাধিকার সীমিত করা হয়েছিল, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
গতকাল সোমবার বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতকরণ এবং গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন সময়ের সূচনা হয়েছে, যেখানে নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ভোটের মাধ্যমে জনগণই ঠিক করবে কে সরকার গঠন করবে এবং কে সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করবে। তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, তবে অন্যের ভোটাধিকার প্রয়োগে কোনো বাধা দেওয়া যাবে না। সবার জন্য ভোটের সুযোগ উন্মুক্ত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গণভোট প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর সরকারের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে-Ñ সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন। তিনি বলেন, যদি দেশের মানুষ বৈষম্য, নিপীড়ন, অবিচার ও দুর্নীতির অবসান চায়, তাহলে তারা ‘হঁ্যা’ ভোট দেবে। অন্যদিকে যারা এসবের পক্ষে থাকবে, তারা ‘না’ ভোট দেবে। তাঁর ভাষায়, এই গণভোট কোনো দলের স্বার্থে নয় বরং দেশের স্বার্থে।
মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় বিশিষ্টজন এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

-এএইচএম রুহুল আমিন আখন্দ, গাইবান্ধা