দেশের চাবি আপনার হাতে বললেন উপদেষ্টা ফাওজুল করিম খান

‘গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, এটা প্রচার করার সবার দায়িত্ব। গণভোট প্রচারণার জন্য প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন।’ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, আপনারা যদি মনে করেন আগের সরকারই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না সেটাই ভালো ছিল, তাহলে গণভোটে ‘না’ ভোট দিবেন।

আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষের খুন দেখতে না চান। তাহলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিবেন।এই জন্যই আমাদের গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি। আবার একটা হানাহানি, আবার একটা পাঁচ আগষ্ট হোক, লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসুক। লোকজনের প্রাণহানির ঘটনা ঘটুক। এ ধরণের পুনরাবৃত্তি আর যেন না হয় তার জন্য ‘হ্যা’-‘না’ ভোট। জনগন যদি এধরনের ঘটনার পুনরাবৃত্তি না চায় তার জন্য সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘হ্যা’-‘না’ ভোট। আমরা কোনো রাজা-রাণী নির্বাচনের জন্য ভোটের আয়োজন করিনি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচনের ভোটের আয়োজন করেছি।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত সহ জেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল