গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও প্রতারণা করে অন্যত্র বিয়ে করার অভিযোগে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী৷ উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর (খলারটেক) গ্রামে অভিযুক্ত রাকিবের বাড়িতে ওই তরুণী অবস্থান নেন গত রবিবার থেকে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাকিব পলাতক থাকলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এই ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী তরুণীর বাবা মোঃ মাইন উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী এবং অভিযুক্ত রাকিব স্থানীয় একটি কারখানায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাকিব তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করেন।
কিন্তু সম্প্রতি রাকিব তাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করেন। এই খবর জানতে পেরে গত রবিবার (১৮ জানুয়ারি) সকাল থেকেই বিয়ের দাবিতে রাকিবের বাড়িতে অবস্থান শুরু করেন ওই তরুণী। ভুক্তভোগী তরুণী জানান, রাকিব বিয়ের কথা বলে তার সাথে মেলামেশা করে এখন প্রতারণা করছে। অধিকার আদায় না হওয়া পর্যন্ত তিনি এই বাড়ি ছাড়বেন না বলেও জানান। তরুণীর বাবা মোঃ মাইন উদ্দিন বলেন, “বিবাদী আমার মেয়ের জীবন ও মান-সম্মান নষ্ট করেছে। আমরা বিষয়টি নিয়ে রাকিবের পরিবারের সাথে কথা বললেও তারা কোনো সমাধান দেয়নি, উল্টো এখন আমার মেয়েকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এবিষয়ে আমি১৮ জানুয়ারি তারিখে আইনের আশ্রয় নিয়েছি, আমি সঠিক বিচার চাই। এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
–মাহমুদুল হাসান,শ্রীপুর,গাজীপুর










