তারেক রহমানের গাড়িতে খাম লাগানোর ঘটনায় তদন্তে পুলিশ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে। ওই সময় তারেক রহমান বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন এবং সামনে ও পেছনে তাঁর নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) দায়িত্বে ছিল। তবে বিষয়টি প্রকাশ্যে আসে কয়েক দিন পর, রোববার।

খামের ভেতরে কী ছিল, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখন পর্যন্ত মোটরসাইকেল বা এর চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের একটি সূত্র জানায়, দ্রুতগতিতে একটি মোটরসাইকেল এসে চলন্ত গাড়ির পাশে পৌঁছে স্কচটেপ দিয়ে খামটি লাগিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে সেগুলো স্পষ্ট নয়। খামটি এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি; সেটি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।

গুলশান বিভাগের উপকমিশনার রওনক আলম জানান, মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

-আফরিনা সুলতানা/